প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার

ফেনীর পরশুরামে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো.বেলাল হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবককে রবিবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন এ কথা জানান।

বেলাল হোসেন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের গদানগর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

ওসি মো. শওকত হোসেন জানান, শনিবার দুপুরে ওই শিশুর মা গরু আনতে বাড়ির পাশে মাঠে যায়। এসময় বেলাল হোসেন শিশুটির ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে বেলাল হোসেন পালিয়ে যায়। সন্ধ্যার দিকে অভিযুক্ত বেলালকে স্থানীয়রা আটক করে পরশুরাম থানায় সোপর্দ করে।

তিনি আরও জানান, ধর্ষণের শিকার শিশুকে ওই দিনই উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শনিবার রাতে তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু তাহের বাংলা ট্রিবেউনকে বলেন,‘এখন শিশুর সুস্থতার জন্য চিকিৎসা চলছে। রবিবার দুপুরের মধ্যে তার শারীরিক পরিক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।’