ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

ফেনীফেনীতে ভুল চিকিৎসায় লতিফা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগে উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা শহরের একাডেমি রোডে অবস্থিত ‘অ্যাপলো হসপিটাল (প্রা.) লিমিটেড’ নামে একটি হাসপাতাল ভাঙচুর করেছে। সোমবার (১ জুলাই) রাতে ফেনী শহরে একাডেমি রোডে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে আবু তালেব চৌধুরী জানান, টিউমারের অপারেশনের জন্য তার মাকে রবিবার (৩০ জুন) দুপুরে ফেনীর অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আজিজ উল্যাহ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টিউমার অপারেশনের জন্য ৬০ হাজার টাকায় চুক্তি হয়। এরপর রবিবার রাত ১টায় তাকে অপারেশন করানো হয়। অপারেশনের পর সোমবার সকাল পর্যন্ত তার মায়ের জ্ঞান ফেরেনি। দুপুর ১২টার দিকে রোগীর অবস্থার অবনতি হলে ওই চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। মাকে সেখানে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ব্যাপরে ডা. আজিজ উল্যাহ বলেন, ‘এ রোগীর মৃত্যুর পেছনে আমার কোনও অবহেলা নেই। কার্ডিয়াক সমস্যার কারণে রোগীর মৃত্যু হতে পারে।’
তিনি আরও বলেন, ‘রোগীকে অপারেশনের জন্য অজ্ঞান করতে এনেসথেসিয়া ইঞ্জেকশন দেওয়া হয়। অপারেশনের পর রোগীর জ্ঞান ফেরে। সোমবার দুপুরে রোগীর সঙ্গে কথা হয়েছে। আমরা ধারণা করেছি, রোগীর কার্ডিয়াক সমস্যা হয়েছে। তাই আমরা তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেই।’
ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম বলেন , ‘হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায় । তবে এই ব্যাপরে মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।