মেম্বারের ভাতা আত্মসাৎ করায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল (ছবি– প্রতিনিধি)দুই মেম্বারের ভাতা আত্মসাৎ করায় কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত রবিবার (৭ জুলাই) তাকে বরখাস্ত করা হয়। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা।

বরখাস্ত হওয়া ওই চেয়ারম্যানের নাম গোলাম ফারুক হেলাল। তার বিরুদ্ধে আলকরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন ও ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিনের ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

ইউএনও মাসুদ রানা জানান, মেম্বার দেলোয়ার হোসেন ২১ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। আর মেম্বার নাজিম উদ্দিন ১৮ মাস বিদেশে ছিলেন। ওই সময় স্বাক্ষর জাল করে তাদের ভাতার টাকা তোলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল।

মাসুদ রানা আরও জানান, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজ আবেদীন বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের উত্তর সন্তোষজনক না হওয়ায় মিনহাজ আবেদীন বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি শাখা গত রবিবার এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করে।