ডেঙ্গুর প্রাদুর্ভাবরোধে সর্তকর্তামূলক ব্যবস্থার নির্দেশ চসিক মেয়রের

বৈঠকে মেয়র আ জ ম নছির উদ্দিন

চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাবরোধে সর্তকর্তামূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নছির উদ্দিন। বৃহস্পতিবার (১১ জুলাই) করপোরেশনের বিভাগ ও শাখা প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এটি চট্টগ্রাম নগরে যে হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। তাই সময় থাকতে আমাদের ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

এসময় মশা-মাছির উপদ্রব এবং মশার উৎপত্তিরোধে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানোর ক্রাস প্রোগ্রাম, মাইকিং, প্রচারপত্র বিলি, গণমাধ্যমে বিজ্ঞাপন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং নালা-নর্দমা পরিষ্কারসহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেন চসিক মেয়র।

বৈঠকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ৃয়া, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান যীশু প্রমুখ উপস্থিত ছিলেন।