আদালতে হাজিরা দিতে এসে হাজতির মৃত্যু

কক্সবাজারকক্সবাজারে আদালতে হাজিরা দিতে এসে এক হাজতি মারা গেছেন। তার নাম হামিদ হোসেন (৫০)। রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্বাস উদ্দিন জানান, ‘হামিদ হোসেন কক্সবাজার সদর মডেল থানার ইয়াবা মামলার (নম্বর এসটি-১৪৪৯/১৮, জিআর-৪৯৮/১৭) আসামি। দুপুরে তিনি ওই মামলায় হাজিরা দিতে কারাগার থেকে আদালতে উপস্থিত হন। এসময় হঠাৎ অসুস্থ হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।’

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার বজলুর রশীদ আখন্দ জানান, ২০১৭ সালের ১৭ মে থেকে তিনি কক্সবাজার কারাগারে বন্দি ছিলেন। মাঝেমধ্যে জ্বর, সর্দি-কাশিতে অসুস্থ হয়ে পড়তেন। তবে বড় ধরনের কোনও সমস্যা দেখা যায়নি। কারাগারে তার বিরুদ্ধে অপ্রীতিকর কোনও ঘটনার অভিযোগ ছিল না।’

কক্সবাজার সদর হাসপাতালের অস্থায়ী পুলিশ ক্যাম্পের নুর উদ্দিন জানান, ‘বিকালে আদালত থেকে হামিদ হোসেন নামের একজন হাজতিকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসক। তার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

জানতে চাইলে কক্সবাজার সদর হাপসাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. মো. আরিফুল ইসলাম জানান, ‘মৃতদেহের ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।’

হামিদ হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দিঘীরপাড়া রূপকানিয়া এলাকার মৃত শিব্বির আহমদের ছেলে।