ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘট দুপুরে প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি হাজি জসিম উদ্দিন জামসেদ ও সাধারণ সম্পাদক হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে তারা ধর্মঘটা ডেকেছিল।

ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ জানান, ধর্মঘট চলাকালে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক হায়াত উদ্-দৌলা খান ও পৌরসভার মেয়র নায়ার কবীরসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, ‘জেলা প্রশাসক আমাদের দাবিগুলো পুনরায় শোনেন। যৌক্তিক হওয়ায় দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দেন। তাই চলমান ধর্মঘট সাময়িকভাবে স্থগিত এবং আজকের মতো প্রত্যাহার করেছি। যদি আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হয়, তাহলে আমরা আবারও ধর্মঘটে ফিরে যাবো।’