রাঙামাটিতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী

রাঙামাটি হাসপাতালে হঠাৎ করেই বেড়ে গেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় আরও দশ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে  মঙ্গলবার সকাল পর্যন্ত রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ১০ রোগী। এর আগে আরও সাত রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানায় রাঙামাটি হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাঙামাটি হাসপাতালে ডেঙ্গু রোগী সনাক্তের জন্য বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ড জ্বর আক্রান্ত রোগীদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গু সনাক্ত করছে। এছাড়াও ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপদকালীন ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি উপজেলায় এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

রাঙামাটির দেবাশীষ নগরের বাসিন্দা সুবিনয় চাকমা জানান,‘কয়েক দিন ধরে জ্বর অনুভব করায় গতকাল বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। সন্ধ্যায় রক্ত পরীক্ষার পর জানতে পরলাম ডেঙ্গু হয়েছে। এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছি।’

ঢাকা থেকে আসা চৈতি চাকমা বলেন, ‘লেখাপড়ার জন্য ঢাকায় থাকি। বাড়ি আসার পর জ্বর উঠায় হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষার পর জানলাম ডেঙ্গু হয়েছে।’

 

রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত আরও ১০ রোগী সনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে  রাঙামাটিতে ১৭ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে যথেষ্ট পরিমাণ কিট রয়েছে।