চট্টগ্রামচট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতরের (চট্টগ্রাম মহানগর) পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে একটি টিম এসব ব্যাগ জব্দ করে। অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন।
সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কালামিয়া বাজার এলাকায় নজির প্রিন্টিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই প্রতিষ্ঠানে দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ পাওয়া যায়। এসব ব্যাগ জব্দ করা হয়েছে। এ ঘটনায় নজির প্রিন্টিংকে মঙ্গলবার (৩ আগস্ট) শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।’