পরিবেশ ছাড়পত্র না থাকায় ইন্টারন্যাশনাল টোব্যাকোকে ৭০ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদফতর

পরিবেশ ছাড়পত্র ছাড়া সিগারেট উৎপাদন করায় চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানাটিকে উৎপাদন বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

এসব তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিবেশ ছাড়পত্র ছাড়াই সিগারেট উৎপাদন করে আসছে। এই অভিযোগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ওই প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে আজ (বুধবার) শুনানিতে অংশগ্রহণ করতে নোটিশ দেওয়া হয়। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) শুনানিতে অংশ নিলে প্রতিষ্ঠানটিকে ৭০ লাখ টাকা জরিমানা কর হয়। পাশাপাশি পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।’