কাভার্ডভ্যানচাপায় পুলিশের এএসআইসহ তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

কুমিল্লাকুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ তিনজন নিহতের ঘটনায় চালক মো. আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্যাভার্ডভানের হেলপারকেও আটক করা হয়েছে। কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ এসব তথ্য জানান।

চালক মো. আলাউদ্দিন (২৫) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার হাতিয়ালাগো বাড়ী লনুয়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।

পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, গত সোমবার (২ সেপ্টেম্বর ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রামগামী দুটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। পরে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছিলেন। এসময় আলাউদ্দিন আরেকটি কাভার্ডভ্যান নিয়ে পুলিশের ভ্যানে ধাক্কা দেয়। এতে এএসআইসহ তিনজন নিহত হন।