চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

গ্রেফতার

চট্টগ্রাম নগরী থেকে আগ্নেয়াস্ত্রসহ মো. মামুন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার মামুন বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাচ্চুর বাপের বাড়ির আমজু মিয়ার ছেলে। মামুন নিজেকে নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজউল্লাহ বাহাদুরের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছে।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে, ‘গত ২২ সেপ্টেম্বর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জিয়াউল হক জিয়া নামে একজনকে গুরুতর আহত করে মামুন। এই ঘটনার পর আমরা সন্ত্রাসী মামুনকে গ্রেফতারে অভিযান চালাই। আজ (বুধবার) সকালে আমরা তাকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যে রাজাখালী এলাকায় তার আস্তানা থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং দু’টি কিরিচ উদ্ধার করা হয়েছে।’