জাহাজ থেকে সিলিন্ডার নামানোর সময় সাগরে ডুবে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি জাহাজ থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় সাগরে ডুবে স্বপন মিয়া (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মাদার স্টিল মিলের শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা সুলতান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

নিহত স্বপন মিয়া লালমনিরহাটের শফিকুল ইসলামের ছেলে।

সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাটার আগে জাহাজ খালি করতে হয়। খালি করার সময় জাহাজের ভেতরে থাকা অক্সিজেনের সিলিন্ডার জাহাজ থেকে নামিয়ে নিচে থাকা ডিঙি নৌকায় তোলার সময় অসর্তকতাবশত স্বপন পানিতে পড়ে যান। এসময় সাগরে জোয়ার ছিল, পরে জোয়ারের পানিতে তিনি তলিয়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি।’