টেকনাফে মাদক আস্তানায় অভিযান, আটক ৩

মদসহ আটক তিনজন (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফে হ্নীলার চৌধুরী পাড়ায় মাদক আস্তানায় অভিযান চালিয়ে মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এসময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস এবং সাতজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃতরা হচ্ছে– হ্নীলা চৌধুরী পাড়ার জ মে নাইং (২২), নাটমুরা পাড়ার বেলাল উদ্দীন (২০) ও টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার আব্দুল গণি (২৮)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চৌধুরী পাড়ার মাদক আস্তানায় অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর ও টেকনাফ র‌্যাব-১৫ ক্যাম্প ইনচার্জ লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব বলেন, ‘মাদক আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হবে।’

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনসুর বলেন, ‘অভিযান চালিয়ে তিন মাদক ক্রেতাকে আটক করা হয়। এসময় ৮০ হাজার লিটার মাদক জাতীয় ভেজাল পানীয় ধ্বংস ও সাতজনকে জরিমানা করা হয়।’