সরেজমিনে বিজয়নগর উপজেলার সিমান্তবর্তী সিংগার বিল ও কাশিনগর গ্রামে গিয়ে দেখা যায়, লাল রং দিয়ে মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলামের বাড়ির মাটির ঘরের দেয়ালে এক বিজিবি কর্মকর্তা লিখছেন—‘মাদক ব্যবসায়ীর বাড়ি’। ওই মাদক ব্যবসায়ী গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চারশ’ পিস ইয়াবাসহ বিজিবি’র হাতে ধরা পড়ে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এখন জেলহাজতে আছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
লাল রং দিয়ে লিখার খবর পেয়ে রবিউলের বাবা পাশের বাজার থেকে দ্রুত বাড়িতে আসেন। বিজিবি সদস্যদের দেয়ালে লেখা দেখে তিনি লজ্জায় কিছুক্ষণ নিরব ছিলেন। পরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলেকে ত্যাজ্য করে দিয়েছি। সে আমার ছেলে না।’
একইভাবে আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মো. হুমায়ুন মিয়ার বাড়িও লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। হুমায়ুন গত ১৫ সেপ্টেম্বর ১৩ বোতল ভারতীয় স্কপ সিরাপ নিয়ে বিজিবির হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একই এলাকার ইসহাক মিয়া ও জামাল চৌধুরীর বাড়িও লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। জামাল চৌধুরী গত ৯ সেপ্টেম্বর ৩৫ বোতল ফেনসিডিল নিয়ে বিজিবির হাতে আটক হয়। অন্যদিকে, ইসহাক মিয়া গত ১৬ সেপ্টেম্বর ২০ বোতল স্কপ সিরাপসহ বিজিবি’র হাতে ধরা পড়ে।
প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে গেলে সিংগার বিল রেল গেইট এলাকায় জড়ো হন উৎসুক মানুষ। তাদের মধ্যে মাঝবয়সী ছাদেক মিয়া, বিল্লাল মিয়া ও রঙ্গু মিয়া বলেন, আমাদের এলাকা মাদক অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। এতে এলাকার বদনাম হচ্ছে। আত্মীয়-স্বজনরা এলাকায় আসতে চান না। একই এলাকার গনি মিয়া ও রবি মিয়া জানান, বদনামের কারণে ছেলেমেয়েকে অন্য এলাকায় ভালো পরিবারে বিয়ে দেওয়া যাচ্ছে না। বিজিবি’র পক্ষ থেকে লাল রং দিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করার কাজ করা হচ্ছে। তারা চলমান এই কাজকে সাধুবাদ জানান।
বিজিবি’র সিংগার বিল ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. আজিজুর রহমান ও আজমপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মখলেছুর রহমান বলেন, ‘আমরা মাদক ব্যবসায়ীদের বাড়িতে লিখে যাচ্ছি। এই লেখা মুছলে তার বিরুদ্ধে মামলা হবে। এটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ।’
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির জানান, ‘আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে সীমান্ত অঞ্চলে এই কার্যক্রম হাতে নিয়েছি। মাদক ব্যবসায়ীরা সামাজিকভাবে যেন মর্যাদা হারায়, এ জন্যই এই উদ্যোগ। বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলার ৭২ কিলোমিটার সীমান্ত জনপদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৫ মাদক ব্যবসায়ীর বাড়ি লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক মাদক ব্যবসায়ীর বাড়িতে এ কাজ করা হবে।’