চাঁদপুরে কাপড় ব্যবসায়ী হত্যায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কাপড় ব্যবসায়ী আব্দুল মতিন প্রধান মেম্বারকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন– মতলব উত্তর উপজেলার কোয়রকান্দি এলাকার আব্দুল কাদির ফকিরের ছেলে আবুল কালাম (৫০), মো. বাবুল (৪২), মো. খোকন (৪৫) ও কিশোরগঞ্জের কাটিয়াদী থানার আশুরকান্দা এলাকার ফল্লু মিয়ার ছেলে মো. লিটন (১৯)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে আব্দুল মতিন প্রধান একজন অপরিচিত কাপড় ব্যবসায়ীকে এগিয়ে দেওয়ার জন্য সুজাতপুর বাজারের উদ্দেশে রওনা হয়। দাসের বাজার সংলগ্ন এলাকায় এলে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আদালত সূত্র জানায়, এ ঘটনায় নিহতের মেয়ে নাছিমা বেগম বাদী হয়ে ২০১৫ সালের ২৭ জুলাই মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন।  ২০১৫ সালের ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার বাদী নাছিমা বেগম বলেন, ‘আমার বাবা ও আসামিরা সম্পর্কে মামা-ভাগিনা। তাদের সম্পত্তি সংক্রান্ত সমস্যা নিয়ে আমার বাবা সালিশি বৈঠকে রায় দেন। ওই রায় তাদের পক্ষে না হওয়ায় বিরোধ দেখা দেয়। এর জেরে তারা পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করে।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আমান উল্লাহ বলেন, ‘আসামিদের উপস্থিতিতে এই রায় পড়ে শুনানো হয়। দীর্ঘ প্রায় চারবছরে আদালত ১৮জনের সাক্ষ্যগ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে এই রায় দেন।’