যুবলীগ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ছিনতাইকারীদের কাছ থেকে একটি বন্দুক ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।
আটক চার জন হলেন- নজরুল ইসলাম (৫০), গাজী তমিজ উদ্দীন (৪৮), মিঠুন নায়ক (২৭) ও মো. হাসান প্রকাশ হারুন (২৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সরকারি দলের অঙ্গ সংগঠন যুবলীগের পরিচয় দিয়ে তারা প্রথমে মানুষকে সালাম দেয়, পরে তারা মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। আপসে না দিলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নিত।
তিনি আরও বলেন, ‘আটক চারজনের মধ্যে নজরুল ও তমিজ পেশাদার ছিনতাইকারী। নজরুল এর আগে ৬ বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। হাসান ও মিঠুন পেশাদার রিকশা চালক, তারা গত তিন মাস ধরে নজরুলের সঙ্গে যোগ দিয়ে ছিনতাই করে আসছে। তারা রিকশা চালানোর নামে ছিনতাই করে আসছে। তারা প্রথমে রিকশায় উঠা যাত্রীদের টার্গেট করে। পরে নির্জন জায়গায় নিয়ে ছিনতাই করে।