শুদ্ধি অভিযান শুধু ঢাকায় নয়, সারাদেশেই অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী

01শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ক্যাসিনো থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউই পার পাবে না। কোনও দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কোন দলের তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারাদেশেই অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (১ অক্টোরব) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘শেখ হাসিনা সরকার সবসময়ই যেকোনও ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকেন। তারই অংশ হিসেবে দেশে শুদ্ধি অভিযান চলছে, দলমত নির্বিশেষে সারাদেশে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অনেকে।