টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, ‘টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা ৫৮৪ মেট্রিক টন পেঁয়াজ ভর্তি ৩৭টি ট্রাক দেশের বিভিন্ন এলাকায় রওয়ানা দিয়েছে। এছাড়া মিয়ানমার থেকে আসা ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপক্ষোয় রয়েছে।’
আজ টেকনাফ স্থলবন্দরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে আবছার উদ্দিন এসব তথ্য জানান।
বুধবার বিকাল ৫টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের (বস্ত্রসেল) যুগ্ম সচিব তৌফিকুর রহমানের নেতৃত্বে স্থলবন্দরের আমদানিকারকদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌফিকুর রহমান বলেন, ‘যেসব ব্যবসায়ী পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকটে অপচেষ্টা চালাচ্ছে তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীরা অধিক মুনাফার চিন্তা না করে পেঁয়াজের সংকট নিরসনে এগিয়ে এলে সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বাজার দর সহনশীল রাখতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি নির্বিঘ্ন রাখতে হবে। ইতোমধ্যে কক্সবাজারে প্রতি কেজি পেঁয়াজের খুচরা বিক্রয় মূল্য ৬৫-৭০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে ৫০ টাকার বেশি দরে বিক্রি না করার জন্য বলা হয়েছে।’
বৈঠকে জেলা প্রশাসকের প্রতিনিধি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান, কক্সবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর, ব্যবসায়ী মোহাম্মদ হাসেম, যদু চন্দ্র দাস, মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদদ্য শাহিন আক্তার ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখেন। এসময় ব্যবসায়ীরা বন্দর কর্তৃপক্ষের অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
আমদানিকারক মোহাম্মদ হাশেম বলেন, ‘বুধবার সকালে পেঁয়াজ বুকিং দিতে মিয়ানমারে যোগাযোগ করা হয়েছে। তারা সেখানে আগের চেয়ে দাম বাড়িয়ে টন ৮শ ডলার হাকাচ্ছেন। তবে এতে আমরা রাজি হইনি। কিন্তু, বুধবার পর্যন্ত যেসব পেঁয়াজ মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এসে পৌছেছে, তা টনপ্রতি ৫শ ডলার করে কেনা হয়েছে।’
আরও খবর...
‘মজুত পেঁয়াজ দিয়ে ১৫-২০ দিন চলবে’
সিমেন্টের গোডাউন থেকে ৫ টন পেঁয়াজ জব্দ
পেঁয়াজ আমদানিতে ৯ শতাংশের বেশি সুদ নয়
রাতারাতি কেন বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করলো ভারত?
সেপ্টেম্বরে মিয়ানমার থেকে পেঁয়াজ এসেছে ৩ হাজার ৫৭৩ মে. টন