আ. লীগ সরকারের শাসনামলে আমরা শান্তিতে আছি: ত্রিপুরার স্পিকার

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন রেবতী মোহন দাসসহ অন্যরা (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিতে আছেন বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার স্পিকার রেবতী মোহন দাস। তিনি বলেছেন, ‘আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা প্রায়ই অতর্কিত হামলা চালাতো। বাংলাদেশের একটি সরকার তাদের প্রশ্রয় দিতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকতো, সেসব গুড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এই ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।’

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১৫ সদস্যের একটি দলকে নিয়ে রেবতী মোহন দাস চার দিনের সফরে বাংলাদেশে আসেন। এ সফরে তারা বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও আশাবাদ ব্যক্ত করেন ত্রিপুরার স্পিকার।

রেবতী মোহন দাস বলেন, ‘আমাদের উদ্দেশ্য হলো– বাংলাদেশ-ভারতের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বাড়ানো। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আমরা চাই, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা সাংস্কৃতিক বিনিময় চাইছি। প্রয়োজনে দুইপাড়ের কবিগোষ্ঠী মিলে বই প্রকাশ করবো। হৃদ্যতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।’

এর আগে আখাউড়া চেকপোস্টে রেবতী মোহন দাস ও তার ১৫ সদস্যের দলকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী, আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল ওয়াহাবসহ অনেকে। পরে প্রতিনিধি দলটি সড়ক পথে ঢাকার পথে রওনা হয়।