টেকনাফ দিয়ে এলো ১৩৯৫ মেট্রিক টন পেঁয়াজ

 

টেকনাফ স্থলবন্দরে আসা পেঁয়াজকক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ১৩৯৫ দশমিক ৭৬২ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) রাত ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে পেঁয়াজের ট্রলার আসার সঙ্গে সঙ্গে খালাস করা হচ্ছে। পেঁয়াজ আমদানি বেড়েছে। বুধবার মিয়ানমর থেকে আসা ১৩৯৫ দশমিক ৭৬২ মেট্রিক টন পেঁয়াজ দ্রুত খালাস হয়েছে।’

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে নভেম্বর মাসের ২৭ দিনে ১৯ হাজার ৮৯ দশমিক ২৯২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এর আগে সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ ও আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ।