নিহতরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়া এলাকার বাসিন্দা সিএনজিচালক মোহাম্মদ নুরু (৩৫) ও তার ছেলে মঈনুর খান (৯)।
আহতরা হলেন- সিএনজি চালক মোহাম্মদ নুরুর স্ত্রী ময়তুল জন্নাত (২৫), তার ছেলে নকিব খাঁন (৫) ও তাদের আত্মীয় নাজির হোসেনের ছেলে নুরুল আলম (২০)। খবর পেয়ে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোর্শেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়াস্থ খুটাখালী গর্জনতলী নতুন মসজিদ এলাকায় কক্সবাজার অভিমুখী সৌদিয়া বাসের সঙ্গে ওই স্থানে একটি সিএনজির যাত্রী নামানোর জন্য অপেক্ষারত অবস্থায় সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তার ছেলে নিহত ও তিন জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।’ দুর্ঘটনা কবলিত সৌদিয়া বাস ও সিএনজি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।