অভিমানে কথাগুলো বলেন সাবেক সচিব মুক্তিযুদ্ধকালীন নৌ কমান্ডো মমিন উল্লাহ পাটোওয়ারী বীর প্রতীক। বুধবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমিন উল্লাহ পাটোওয়ারী স্থগিত হওয়া রাজাকারদের তালিকা সম্পর্কে বলেন, ‘কোনও রকম যাচাই-বাছাই না করেই এটি প্রকাশ করে দিলো মন্ত্রণালয়? মুক্তিযুদ্ধ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। বিষয়টি কত স্পর্শকাতর ভাবলেন না? এটি মুক্তিযোদ্ধাদের লজ্জায় ফেলে দিয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করুন। ’
জেলা পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এই মুক্তিযোদ্ধা পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘পুলিশের গৌরব আছে আমাদের স্বাধীনতা অর্জনে। কিন্তু, বদনাম আছে অনেক। সাধারণ মানুষ পুলিশ দেখলে এখনও ভয় পায়। কারণ, অধিকাংশ পুলিশ নেতিবাচক কাজে লিপ্ত। ঘুষ খায়, ভয় দেখায়। শুধু একটা প্রতিজ্ঞা করেন, আগামী ৫ বছর কেউ ঘুষ খাবেন না, দেখবেন এদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে।’
মমীন উল্লাহ বলেন, ‘আমার সব সম্পদ আমি দান করে দিয়েছি। এখন গ্রামে একটা স্কুল চালাই। ভালোই লাগে। আপনারাও অবসরে গিয়ে কিছু করেন। দেখবেন নিজে ভালো থাকবেন, দেশ ভালো থাকবে।’
উল্লেখ্য, ১৯৭১ সালে মমিন উল্লাহ পাটওয়ারী চাঁদপুর অঞ্চলে পাকহানাদারদের যুদ্ধজাহাজ লোরামসহ এক ডজনেরও বেশি জাহাজ মেঘনা ডাকাতিয়ায় ডুবিয়ে দিয়েছিলেন।