দক্ষিণ আফ্রিকায় নিহত দুই বাংলাদেশি সহোদরের দাফন সম্পন্ন

nonameদক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশি সহোদরের দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন ফেনীর  দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামের কামরুল হাসান রায়হান ও আশরাফুল হাসান রবি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ বাড়িতে পৌছায়। স্থানীয় মাদ্রাসার পাশে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

গত ২০ ডিসেম্বর বিকেলে দক্ষিণ আফ্রিকার নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডা শহরে একটি লরি চাপায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়। নিহত দুই সহোদর পূর্ব জয়নারায়নপুর গ্রামের কামাল পাশার পুত্র। ওই দুর্ঘটনায় নিহত অপর বাংলাদেশি জামশেদুর রহমানের মরদেহ বৃহস্পতিবার পর্যন্ত দেশে পৌছায়নি। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

গ্রামবাসী ও নিহতদের স্বজনেরা জানায়, দুই সহোদরের পিতা কামাল পাশার চার ছেলে। নিহত কামরুল হাসান রায়হান বড় ছেলে। মেজো ছেলে আশরাফুল ইসলাম নয়ন, সেজো আশরাফুল হাসান রবি ও ছোট ছেলে অভি হাসান। ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন বড় ছেলে কামরুল হাসান রায়হান। এরপর মেজো ছেলে আশরাফুল ইসলাম নয়ন ও সেজো ছেলে আশরাফুল হাসান রবিও দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। সেখানে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তিন ভাই। বড় ও সেজো এই দুইজন এক সাথে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করতো। আর মেজো ভাই একই দেশের নিকটবর্তী স্থানে ব্যবসা করতো। গত ১৯ ডিসেম্বর নতুন প্রাইভেট গাড়ি কিনে মেজো ভাইয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হন।