আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইভিএম বিষয়ে যারা জ্ঞান রাখেন তারা ইতিমধ্যেই এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেজন্য নির্বাচনের আগে এর স্বচ্ছতা প্রমাণ করতে হবে’। বিএনপির পক্ষ থেকে ইভিএম বাদ দেওয়ার জন্য বার বার বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দেশে ব্যালট বাক্সের মাধ্যমে স্বচ্ছ ভোট আমরা যুগে যুগে দেখেছি। এই সময়ে এসে কেন ইভিএমের প্রয়োজনীয়তা দেখা দিল এটা এখন বড় প্রশ্ন।’
বিএনপির এই নেতা বলেন, ‘ইভিএমের উপর বাংলাদেশের মানুষের কোন আস্থা নেই। এবার নির্বাচন কমিশনকে ইভিএমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ডের বড় কবরস্থান, ইলিয়াস ব্রাদার্সের বাড়ি, কেবি আমান আলী রোড, মজিদিয়া মাদরাসা ও রাহাত্তালপুল এলাকার পাড়া-মহল্লার ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তার সঙ্গে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।