কুমিল্লায় জেএসসিতে পাসের হার ৮৮.৮ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৮.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৩১ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে ড. মো. আসাদুজ্জামান জানান, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৭০ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২ লাখ ৪০ হাজার ৬২২ জন। বোর্ডের অধীনে ৬টি জেলায় ১ হাজার ৯২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যা গত বছর ছিল ১৫৮টি।
আসাদুজ্জামান আরও জানান, গত বছর পাসের হার ছিল ৮৪.৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৭৪২ জন। গত বছরের চেয়ে এ বছর পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা এবং শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে। তুলনামূলক পাসের হারে এগিয়ে ছেলেরা, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।
শতভাগ পাস করা প্রতিষ্ঠানের মধ্যে নোয়াখালীতে ২৩টি, ফেনীতে ২৩টি, লক্ষ্মীপুরে ২২টি, চাঁদপুরে ৫৬টি, কুমিল্লায় ৯০টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ২৫টি।