মেয়র জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১০ জানুয়ারি নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে বিশাল মঞ্চসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন কাউন্টডাউন ক্লক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চট্টগ্রামের ৩০ হাজার মানুষ সরাসরি স্কিন থেকে এ অনুষ্ঠান দেখার সুযোগ পাবে।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ৭ই মার্চের ভাষণটির হলোগ্রাফিক উপস্থাপন, বাউল, লোকশিল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্ম ইতিহাস তুলে ধরা, স্মৃতিচারণ মূলক আলোচনা, সন্ধ্যায় ১০০টি ফানুস ওড়ানো, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যান হতে মুজিববর্ষের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, নগর জুড়ে র্যালি/মানব চেইন এবং এতিমদের উন্নত খাবার পরিবেশন করা হবে। মুজিববর্ষে এম এ আজিজ স্টেডিয়ামে সংস্থাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা, বর্ষব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অনুষ্ঠানের আয়োজন, প্রতিমাসে ৩/৪টি ওয়ার্ডে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন, প্রতিটি ওয়ার্ডে রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে।
উল্লেখ্য, সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিবেচনায় নিয়ে আগামী ১০ জানুয়ারি সারাদেশে একযোগে মুজিববর্ষের ক্ষণগণনার সূচনা করা হবে।