খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ কর্মী পরেশ ত্রিপুরা মহেন নিহতের প্রতিবাদে ডাকা বাজার বর্জনের প্রভাব পড়েছে পানছড়ির সাপ্তাহিক হাটে। রবিবার (১২ জানুয়ারি) পানছড়ি প্রধান বাজারের সাপ্তাহিক হাটের দিনে পাহাড়ি ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ছিল কম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার ও বিভিন্ন সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
পানছড়ি বাজারের ব্যবসায়ীরা বলেন, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের ডাকা হাট বাজার বর্জনে সাধারণ পাহাড়িরা ভয়ে বাজারে আসেননি। এর ফলে সাপ্তাহিক হাটের দিন হলেও ক্রেতা-বিক্রেতা শুন্য ছিল উপজেলার প্রধান এ বাজার।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার এলাকাসহ উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাজারে আসা না আসার বিষয়টি ক্রেতা-বিক্রেতাদের নিজেস্ব ব্যাপার।
প্রসঙ্গত, গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী পরেশ ত্রিপুরা মহেন। এ ঘটনার প্রতিবাদে আজ (রবিবার) বাজার বর্জন ও সোমবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে ইউপিডিএফ প্রসীত গ্রুপ।