জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়াসিলেট-চট্টগ্রাম-সিলেট রেলপথে চলাচলকারী জালালাবাদ এক্সপ্রেস নামের ১৩ আপ ও ১৪ নম্বর ডাউন ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে ট্রেন দুটি বন্ধ করা হয়।

আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন শনিবার দুপরে জানান, ১৩ নম্বর আপ ট্রেনটি আজ চলাচল করলেও সেটি আর ফিরতি পথে আসবে না। ইঞ্জিন সমস্যায় ট্রেনটি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ দেলোয়ার হোসেন ট্রাফিক বিভাগের বরাত দিয়ে জানান, মালবাহী ট্রেনের জন্য এখন বাড়তি লোকোমোটিভের (ইঞ্জিন) প্রয়োজন হচ্ছে। যে কারণে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ নম্বর জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে পরদিন বেলা সোয়া ১২টায় সিলেট পৌঁছাতো। ১৪ নম্বর ডাউন জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত ১০টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে পরদিন বেলা ১২টায় চট্টগ্রামে পৌঁছাতো। মেইল ট্রেন দুটি বেশ কিছু ‘বড়-ছোট’ স্টেশনে যাত্রাবিরতি করতো।