শিবির ক্যাডারের সহযোগীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

সরোয়ার প্রকাশ বাবলাশিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী সরোয়ার প্রকাশ বাবলার চট্টগ্রামের বাড়িতে অভিযান চালিয়ে রাইফেল, গুলি,এলজি ও  কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জানুয়ারি) ভোরে পুলিশ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার একথা জানিয়েছেন। দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সরোয়ার নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন খোন্দকার পাড়ার আবদুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ ১৫টি মামলা রয়েছে।

ওসি প্রিটন সরকার বলেন, ঢাকায় গ্রেফতারের পর বায়েজিদ থানা পুলিশের একটি টিম তাকে আনতে ঢাকায় যায়। শনিবার গভীর রাতে তাকে চট্টগ্রাম নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের সময় অস্ত্রের সন্ধান দেয় সরোয়ার। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির উত্তর পাশে মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দু’টি  এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।