কুমিল্লা নগরীর সিটি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে জেলা মাদকদ্রব্য অধিদফতর। এসময় এক স্টাফ আটক ও ক্লাবটি সিলগালা করে দেওয়া হয়। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য অধিদফতরের ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান রাসেলের নেতৃত্বে সিটি ক্লাবে অভিযান পরিচালিত হয়। মাহমুদুল হাসান রাসেল জানান, ক্লাবে মাদকদ্রব্য মজুত আছে এমন খবরে রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। ক্লাব থেকে ৬ বোতল হুইস্কি, ৬ বোতল জিং, ৭ বোতল ব্ল্যাক লেভেল, ৪০ বোতল হ্যানি ক্যান উদ্ধার করা হয়। অভিযানের খবরে ক্লাবের ম্যানেজার পালিয়ে যায়। অবৈধ মাদক রাখার অপরাধে এসময় মিঠু নামে এক স্টাফকে আটক করা হয়েছে।
অভিযানে থাকা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মো. কেয়াম উদ্দিন জানান বলেন, ক্লাবটিতে মাদক রাখার কোনও পারমিট ছিলো না। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, সিটি ক্লাবে অভিযানের ঘটনায় মাদকদ্রব্য অধিদফতরের ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেছে।