মানবপাচার মামলায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরলক্ষ্মীপুরে মানবপাচার মামলায় রাজু হোসেন ইমন নামে এক ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতের (জেলা ও দায়রা জজ) বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কতুবী এ রায় দেন।
এ সময় নির্দোষ প্রমাণিত হওয়ায় মামলার অপর দুই আসামি শাহিদা বেগম ও ফরিদা ইয়াসমিনকে খালাস দেওয়া হয়। রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল না। রাজু রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জেলার রায়পুর উপজেলার বামনী গ্রামে ২০১৬ সালের ২ নভেম্বর মো. হানিফের ৪ বছরের শিশু আব্দুল্লাহকে খেলার মাঠ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে ৩০ হাজার টাকা বিক্রি করে দেয় রাজু। পরে শিশুটিকে না পেয়ে ২৯ নভেম্বর পাঁচ জনকে অভিযুক্ত করে মা আমেনা বেগম বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন। এরপর ১ ডিসেম্বর চাঁদপুর জেলা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তিন জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন।