চট্টগ্রাম শহরের সব বিনোদন কেন্দ্র বন্ধ

চট্টগ্রামকরোনা ভাইরাসের সংক্রমণ রোধে পতেঙ্গা সমুদ্র সৈকতের পর এবার চট্টগ্রাম চিড়িয়াখানাসহ শহরের সব বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৮ মার্চ) বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম চিড়িয়াখানাসহ শহরের বিনোদন পার্কগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল ১৯ মার্চ সকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব পার্ক বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সবার জনসমাগম এড়িয়ে চলা উচিত। জনসমাগম বন্ধ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি জনস্বার্থে নগরবাসীর জেলা প্রশাসনের এই নির্দেশনা মেনে চলবেন।’