লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে আরও ২ জনের মৃত্যু

এই ট্রাকটির সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চুনতি এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে আহত আরও দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর শনিবার (২১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হলো। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এসব তথ্য জানান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রাত দেড়টার দিকে গুরুতর আহতাবস্থায় তিন জনকে হাসপাতালে আনা হলে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তারা হলেন—নবী হোসেন (৪০) ও সৈয়দ হোসেন (৩২)। সাইফুল ইসলাম (৩০) নামে আরেক জনকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।’

এর আগে শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ অফিসের পাশে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. আলমগীর বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রাম শহরমুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করি। আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আহত সাত জনের মধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজন মারা যান। ওই হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি চার জনের মধ্যে তিন জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন...
লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ১৩