ত্রাণ বিতরণ করা শিক্ষার্থীর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

ফেনীফেনীর পরশুরামে করোনার উপসর্গ শ্বাসকষ্টজনিত কারণে ১৮ বছর বয়সী এক ছাত্র মারা গেছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছেলেটি মারা যায়। জানা গেছে ছেলেটি কয়েক দিন ধরেই ত্রাণ বিতরণের কাজ করছিলেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল খালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ছেলেটির করোনায় আক্রান্ত ছিল তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন জানান, পরশুরাম বাজারে দক্ষিণ কোলাপাড়া গ্রামের ছেলেটি কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল। শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার শ্বাসকষ্ট আরও বাড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

তিনি আরও জানান, ছেলেটি পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরশুরাম পৌর এলাকার ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য। গত কযেকদিন ধরে ওই এলাকায় ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত ছিল সে।