সকালে যুবকের মৃত্যু, বিকালে বাঁশখালী লকডাউন

লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঁশখালী লকডাউন থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

ইউএনও বলেন, শুক্রবার সকালে আইসোলেশনে থাকা বাঁশখালীর এক যুবক মারা যাওয়ার পর বিকালে জেলা প্রশাসন বাঁশখালী উপজেলা লকডাউন করার নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বাঁশখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা থেকে সড়ক, নৌ বা অন্য কোনও পথে কোনও ব্যক্তি বা যানবাহন বের হতে পারবে না। অন্য কোনও উপজেলা থেকেও আসতে পারবে না। পাশাপাশি সব ধরনের যানবাহন ও জনসমাগম বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে। তবে লকডাউনের সময় বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, ব্যাংকিংসহ জরুরি পরিষেবায়, চিকিৎসা ও ওষুধ সরবরাহ কাজে, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পরিবহন এবং কৃষিপণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য নির্দেশনা শিথিল থাকবে।

এ নিয়ে চট্টগ্রামে তিনটি উপজেলা লকডাউন করা হয়েছে। এর আগে বুধবার (১৫ এপ্রিল) সকালে সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। ওইদিন রাতে পাশ্ববর্তী  লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়।