১৫ বস্তা চালসহ আ. লীগের ২ নেতা আটক



নোয়াখালী

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল ও ৩টি খালি বস্তাসহ  আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। 

আটকৃতরা হলেন, নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহজাহান সাজু এবং তার সহযোগী উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন খান। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার বলেন, ওএমএস’র ডিলার শাহজাহান সাজু এবং ইসমাইল হোসেন খান নবীপুর ইউনিয়নের হত দরিদ্রদের তালিকায় না রেখে এমন লোকদের তালিকায় রাখা হয়েছে যাদের অনেকে এ চাল উত্তোলন করে না। পরবর্তীতে উত্তোলন না করা এ চাল বেশি দামে বিক্রি করা হয়। এছাড়া, করোনার এই সময়েও তারা কার্ডধারীদের কাছ থেকে প্রতি বস্তায় ৩০ টাকা করে বেশি রেখেছেন। খবর পেয়ে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেমালিকা চাকমার নেতৃতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি অভিযোগের সত্যতা পান এবং ১৫ বস্তা চাল ও ৩টি খালি বস্তা উদ্ধার করেন।
তিনি আরও বলেন, অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমেদ চৌধুরী বলেন, ওএমএস’র চাল বিক্রিতে যারা অনিয়ম করবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা সহায়তা করবো।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা অচিন্ত্য চাকমা বাদী হয়ে রাত ১০টায় সেনবাগ থানায় শাহজাহান সাজু এবং ইসমাইল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।