রোজা রেখে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রোজা রেখে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের কৃষক মো. রশিদ মিয়ার ৩০ শতাংশ জমির ধান কেটে দেন নেতাকর্মীরা। পরে ওই ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা।

কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন রিমনের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী এ কাজে অংশ নেন। নেতাকর্মীরা দীর্ঘপথ হেঁটে গিয়ে ধান কাটায় অংশ নেন।

ধান কেটে কৃষকের বাসায় পৌছে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরাএ সময় কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, টি এ আলী কলেজ সভাপতি শফিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক সায়মুন চৌধুরীসহ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কাটেন।

ছাত্রলীগের আহ্বায়ক আফজাল হোসেন রিমন বলেন, ‘করোনা পরিস্থিতিতে মানুষের যেকোনও সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান কাটতে পেরে আনন্দিত।'

কৃষক রশিদ মিয়া বলেন, 'শ্রমিক সংকটের কারণে আমি জমির ধান কাটতে পারছিলেন না। এ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে আমার বাড়ি পৌঁছে দেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।'