কক্সবাজারে ৯ বছরের এক শিশুসহ নতুন আরও তিন জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শিশুটিসহ দুই জন উখিয়ার রাজা পালং হাজিপাড়ার এবং অপর জন চকরিয়ার ফাঁসিয়াখালীর বাসিন্দা।
বুধবার (২৯ এপ্রিল) কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে বুধবার ৯৫ জনের স্যাম্পল টেস্ট করা হয়। এদের মধ্যে তিন জন পজিটিভ ও ৯২ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়।
কক্সবাজার জেলায় বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জন।
উল্লেখ্য, কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে গত ২ এপ্রিল থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ১১২৬ জনের করোনা টেস্ট করা হয়। এদের মধ্যে ২৫ জনের পজিটিভ এবং বাকি ১১০১ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। করোনা শনাক্ত ২৫ জনের মধ্যে ২৩ জন কক্সবাজার জেলার এবং দুই জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী খুটাখালীর মুসলিমা খাতুনের নমুনা টেস্ট করা হয়েছিল ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এছাড়া, নাইক্ষ্যংছড়ি উপজেলার এক রোগী সুস্থ হয়ে সোমবার (২৭ এপ্রিল) বাড়ি ফিরে গেছেন।
এ জেলার করোনা রোগীদের মহেশখালীর ১০ জন, টেকনাফের ৪ জন, উখিয়ার ৪ জন, চকরিয়ার ৩ জন, সদর উপজেলার ২ জন এবং রামুর একজন। জেলার কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় এখনও করোনাভাইরাসে আক্রান্ত কোনও রোগী শনাক্ত হয়নি।