কুমিল্লায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ ৩ জনের করোনা

কুমিল্লাকুমিল্লায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। নতুন আক্রান্ত তিন ব্যক্তির বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, গত ২৪ ঘণ্টায় মা-ছেলেসহ আরও তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চান্দিনায় মোট সাত জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিরা হলেন, চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকার ৬৫ বছরের বৃদ্ধা এবং তার ৪০ বছরের ছেলে। ওই বৃদ্ধার ছেলের ধানসিঁড়ি আবাসিক এলাকার মুদি দোকানদার। অপরজন চান্দিনা পৌরসভার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য (৬৫)। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নতুন করে জেলায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন আরও চার জন। এনিয়ে জেলায় মোট ১৩ জন করোনা রোগী সুস্থ হলেন।