টেকনাফে আরও এক চিকিৎসক করোনা আক্রান্ত

করোনাভাইরাসকক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। ৩৫ বছর বয়সী এই চিকিৎসক বর্তমানে জাতিসংঘের অভিবাসন সংস্থা-আইওএমে নিয়োগপ্রাপ্ত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

ডা. টিটু চন্দ্র শীল জানান, টেকনাফে স্বাস্থ্য বিভাগে কর্মরত এই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে রিপোর্ট পাওয়া গেছে। এতে তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে তাদের আরেক নারী চিকিৎসক করোনা আক্রান্ত হন।

তিনি জানান, এই চিকিৎসক বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সেখানে আইসোলেশনে ভর্তি হয়েছেন। আতঙ্কিত না হয়ে, সবাইকে সতর্কতার সঙ্গে নিজ নিজ বাসায় থাকার অনুরোধ জানানো হচ্ছে। 

করোনা সন্দেহে টেকনাফে আজ পর্যন্ত ৩শ' জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই নারী চিকিৎসকসহ চার জনের ফলাফল পজিটিভ এসেছে। তবে এখনও বেশ কয়েকজনের রিপোর্ট পাওয়া যায়নি।