চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূ উপসর্গ নিয়ে মারা গেছে। তিনি উপজেলার ৫নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাসিন্দা। সোমবার (৪ মে) দুপুরে হাজীগঞ্জের ভিআইপি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রেখার স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী গত ৫ দিন থেকে অসুস্থ। তার প্রচুর বমি হয়। শরীরে ব্যথা ও মৃদু জ্বর ছিল। অবস্থা বেগতিক দেখে তাকে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে ডাক্তার মো. শাহনেওয়াজের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ডাক্তাররা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পরে তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারে ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল করিম জানান, মৃত রেখার মধ্যে কিছু করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।