কুমিল্লায় করোনায় আরও দু'জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২

করোনাভাইরাসকুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ছয় জনের মৃত্যু হলো। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ১৩৪ জন। আর নতুন একজনসহ সুস্থ হয়েছেন মোট ২৭ জন। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার (৮ মে) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং দেবিদ্বারে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় দুই জন, দেবিদ্বারে ছয় জন, আদর্শ সদরে একজন এবং বরুড়ায় তিন জন রয়েছেন।

কুমিল্লা জেলা সংক্রমণ প্রতিরোধ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিস্বর্গ মেরাজ চৌধুরী জানান, নতুন করে কুমিল্লার দেবিদ্বারে দুই জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন। এর মধ্যে একজন গত ৫ মে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আক্রান্ত হন। তার নাম মো. আতিকুল ইসলাম (৬০)। বাড়ি দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামে। এর আগে তিনি করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। মারা যাওয়ার পর শুক্রবার (৮ মে) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে দেবীদ্বারের পৌর এলাকার চাঁপানগর এলাকার জামাল হাজারী (৪৫) নামে এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মুদি দোকানদার ছিলেন। দীর্ঘদিন তিনি জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৫ মে নমুনা সংগ্রহ করার পর বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তির করোনা পজিটিভ আসে। সন্ধ্যার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসাপাতালে পাঠানো হয়। পরে রাতেই তার মৃত্যু হয়। এ নিয়ে শুধু দেবীদ্বারেই করোনায় মৃত্যু হলো পাঁচ জনের এবং আক্রান্ত ৩২ জন।

তিনি আরও জানান,  শুক্রবার কুমিল্লা সিটি করপোরেশনের নানুয়া দিঘির পাড় এলাকায় এক ব্যক্তিসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যজনের কুমিল্লায় নমুনা সংগ্রহ করা হলেও ওই পরিবার নারায়ণগঞ্জ চলে গেছেন। বর্তমানে নারায়ণগঞ্জে থাকছেন আক্রান্ত ব্যক্তি। আর কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবির জালুয়াপায়ায় এক বয়স্ক নারীর করোনা শনাক্ত হয়েছে। তিনি ঢাকা থেকে এসেছেন।

এছাড়াও কুমিল্লার বরুড়ায় নতুন করে আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হচ্ছেন—বরুড়া উপজেলা কৃষি অফিসারের মেয়ে, আত্মীয়ের মেয়ে ও শাশুড়ি। তথ্যটি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসাত সুলতানা।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট দুই হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে দুই হাজার ৬৮৩ জনের।