ঈদের আগে খুলছে না ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান

ব্যবসা প্রতিষ্ঠানকরোনা পরিস্থিতির মধ্যেই আগামীকাল রবিবার (১০ মে) থেকে সারাদেশে মার্কেট খোলার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার সব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক জানান, করোনা প্রেক্ষাপটে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো বন্ধ থাকবে। আগামী ১০ মে পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে না। জনসাধারণ ও ব্যবসায়ীদের নিজেদের সুস্থতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, বর্তমান প্রেক্ষাপটে দোকান না খোলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক। তিনি বলেন, ‘দেশের স্বার্থে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা স্বতপ্রণোদিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী।’ তিনি সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান।