নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেফতার ২

গ্রেফতারব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার শাহবাজপুর গ্রামের লাল মিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় শুক্রবার দুপুরে মামলা হয়েছে। ওই ছাত্রীকে অপহরণের অভিযোগে মো. ইমরান মিয়া (২৬)-সহ তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মোবাইলফোনে সম্পর্ক গড়ে তোলে সিএনজি অটোরিকশাচালক ইমরান মিয়া। এক সন্তানের বাবা ইমরানের বাড়ি শাহবাজপুর লাল মিয়া পাড়ায়। সে ওই এলাকার রহিস মিয়ার ছেলে। গত বুধবার (৬ মে) দুপুরে ইমরান কৌশলে মোবাইল ফোনে ওই ছাত্রীকে ডেকে নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুরে তার খালার বাড়িতে যায়। সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে বিয়ে করে সে।

এদিকে অভিভাবকরা বিভিন্ন স্থানে খুঁজে ওই ছাত্রীকে না পেয়ে সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মেয়েটির বাবা জানতে পারেন, তার মেয়েকে সিএনজি অটোরিকশাচালক ইমরান অপহরণ করেছে। পরে এলাকার কয়েকজন লোক বিষয়টি নিস্পত্তির কথা বলার পর, গত বৃহস্পতিবার রাতে ইমরান ওই ছাত্রীকে নিয়ে বাড়িতে আসে।

অপরদিকে শুক্রবার ভোরে পুলিশ প্রযুক্তির সহায়তায় ইমরানের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার এবং ইমরানসহ দুই জনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল আহমেদ বলেন, 'এ ঘটনায় অপহৃত ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। আমরা ইতোমধ্যে ইমরান সহ দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।'