করোনা আক্রান্ত ব্যবসায়ীর আড়ত খোলায় এক লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে করোনা আক্রান্ত ব্যবসায়ীর লকডাউন করা আড়ত খোলার অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ মে) দুপুরে এ জরিমানা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম।

তিনি বলেন, 'প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করায় চৌমুহনী বাজারের করোনা আক্রান্ত ব্যবসায়ীর আড়ত-গগণ সাহা স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

উল্লেখ্য, ওই আড়তের একজন কর্মচারী করোনা উপসর্গ নিয়ে গত ২১ এপ্রিল নোয়াখালী জেনারেল হাসপাতালের ফ্ল্যু কর্নারে ভর্তি হন। অবস্থার অবনতি হলে, ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। পরে দোকান মালিক তথ্য গোপন করে তড়িঘড়ি করে সোনাপুর মহাশ্মশানে নিয়ে লাশ সৎকার করেন।

এর আগে ১৩ এপ্রিল আড়তের এক কর্মচারী ও ২২ এপ্রিল তার সহোদরকে মালিক ছুটি দিলে, তারা কুমিল্লার লাকসাম পৌর এলাকার বাড়ি যান। সেখানে তাদেরও করোনা শনাক্ত হয়। এছাড়া, ২২ এপ্রিল ওই আড়তের মালিকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বিআইটিআইডিতে পাঠানো হলে, তারও করোনা পজিটিভ আসে। সেই থেকে আড়ত মালিক আইসোলেশনে রয়েছেন।