শতাধিক প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছেব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শতাধিক প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে শহরের পূর্ব পাইকপাড়া হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান আনসারীর ব্যক্তিগত অর্থায়নে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, ময়দা, ছোলা, আলু, পেঁয়াজ ও একটি করে মুরগী।

বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, পৌরসভার সাবেক চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান আনসারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মিজানুর রহমান আনসারী বলেন, 'করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী আমাদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে আমি ব্যক্তিগতভাবে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির পাশে থাকার চেষ্টা করেছি।' এ সময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার বলেন, 'আমরা সরকারের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে বিপুল পরিমাণ ত্রাণ নিয়ে সাধারণ মানুষের পাশে আছি। কিন্তু কেউ কেউ ত্রাণ নিয়ে গুজব ছড়াতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।'