করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মিন্টু লালধর (৪০) নামে কুমিল্লা বিভাগীয় সামাজিক বন বিভাগের এক বন প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মিন্টু লালধরের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার তলা গ্রামে। তিনি পরিবার নিয়ে নগরীর ঠাকুরপাড়ায় থাকতেন।
কুমিল্লা বিভাগীয় সামাজিক বন বিভাগের কর্মকর্তা নূরুল করিম জানান, বৃহস্পতিবার (৪ জুন) মিন্টু করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (৫ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করে। আইসিইউতে থাকা অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। করোনার রিপোর্ট আসেনি।