উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই দুই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন

রাঙামাটিরাঙামাটি শহরের ভেদভেদী বাজার এলাকার এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত শনিবার (৬ জুন) বিকালে মারা যাওয়ার পর, সোমবার (৮ জুন) তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এছাড়াও গত ৩১ মে বিকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম রয়েল হাসপাতালের এক ব্রাদার মারা যান। তার রিপোর্টও আজ পজিটিভ এসেছে।

জেলায় প্রথম করোনায় এই দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরে মারা যাওয়া বৃদ্ধ লোকটির ছেলের দোকানের এক কর্মচারীর করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর থেকে তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। সবার নমুনা সংগ্রহ করা হলেও বৃদ্ধর রিপোর্ট আসে মারা যাওয়ার একদিন পর। বৃদ্ধ লোকটি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা যায়।

অন্যদিকে, কাপ্তাইয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি ছিলেন থুইঅং প্রু মারমা (২৬)। তিনি চট্টগ্রামের রয়েল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। এই স্বাস্থ্যকর্মী চট্টগ্রামে করোনা সংক্রমিত হন বলে জানা যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন এবং গত ৩১ মে মারা যান।

করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মনেই দুই ব্যক্তির দাফন ও সৎকার করা হয়েছে বলে নিশ্চিত করেন ডা. মোস্তফা কামাল।

তিনি আরও জানান, জেলায় এই দুই জনসহ আরও সাত জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে সদরে চার জন, কাপ্তাইয়ে দুই জন, কাউখালিতে একজন রয়েছেন । এদের সবার রিপোর্টই এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে।

এর আগে রবিবার রাতে খাগড়াছড়ির বাঘাইছড়িতে প্রথমবারের মতো একজনের করোনা পজিটিভ রির্পোট আসে। এ নিয়ে জেলায় এখন মোট করোনা আক্রান্ত ৭৮ জন।