দিনে নমুনা সংগ্রহ, রাতে চেয়ারম্যানের মৃত্যু

সফি আহমেদ মিন্টুকরোনা উপসর্গে মারা গেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফি আহমেদ মিন্টু। করোনার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার (৯ জুন) তিনি স্থানীয় হাসপাতালে নমুনা দেন। পরে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় ওই বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে দাফনে অংশগ্রহণকারীদের।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, ‘চেয়ারম্যানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় ৯ জুন (মঙ্গলবার) তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি আমাদের না জানিয়ে দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুর পর তার বাড়ি এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া যারা দাফনকার্যে অংশ নিয়েছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’

ওই ইউনিয়ন পরিষদের মেম্বার আবু ইউসুফ জানান, চেয়ারম্যান সাহেবের জ্বর ছিল। পরে বাড়িতেই স্টোক করার পর কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বোলদিঘী গ্রামের বাড়িতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

শাহরাস্তিু উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘ইউপি চেয়ারম্যান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।’