চার পুলিশ সদস্যসহ আরও ৮ জনের করোনা শনাক্ত

রাঙামাটিরাঙামাটিতে চার পুলিশ সদস্যসহ আরও আট জনের দেহে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা সবাই জেলার কাপ্তাই উপজেলার বাসিন্দা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল এসব তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের নতুন শনাক্ত হওয়া চার জন পুলিশ সদস্য ওয়াগ্গা পাগলী পাড়া ক্যাম্পে কর্মরত আছেন। এছাড়া একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মচারী, একজন উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ, একজন বড়ইছড়ি কর্নফুলী সরকারি কলেজ এলাকার বাসিন্দা এবং অপর জন রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালার করোনায় মৃত যুবকের বাবা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী জানান, গত ৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল এবং শনিবার প্রাপ্ত ২৫ রিপোর্টে তাদের আট জনের করোনা পজিটিভ এসেছে। তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত চার পুলিশ সদস্যকে বর্তমানে পাগলী পাড়ায় পুলিশ ক্যাম্পে আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে রাঙামাটিতে পথম ধাপে চার জনের করোনা পজিটিভ আসে। ক্রমান্বয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। তবে জেলায় মোট শনাক্তের ৪৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।